ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কলকাতায় অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। এই উদ্দেশ্যে লালবাজারে গঠন করা হয়েছে একটি বিশেষ বিভাগ—স্পেশাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন (STF-D)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে কলকাতা ও তার আশপাশের এলাকায় একাধিক বাংলাদেশি ও আফগান নাগরিককে আটক করা হয়েছে। অভিযোগ, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাঁরা ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতীয় নাগরিক পরিচয়ে বসবাস করছিলেন। এই ধরনের ঘটনার সংখ্যা বাড়তে থাকায় নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই বিশেষ টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন কলকাতা পুলিশের একজন ডেপুটি কমিশনার (ডিসি) পদমর্যাদার আধিকারিক। তাঁর তত্ত্বাবধানে ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশি নাগরিকদের খোঁজ, তাঁদের পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই টাস্ক ফোর্সে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের বিভিন্ন শাখার আধিকারিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রেসিডেনসিয়াল পারমিট সেকশন, ফরেনার্স এনকোয়ারি সেকশন, ইনভেস্টিগেশন সেল এবং ইলিগ্যাল মাইগ্র্যান্টস সেকশন। বিভিন্ন বিভাগের সমন্বয়ে তথ্য সংগ্রহ ও তদন্তের মাধ্যমে অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত করার কাজ চলবে।
অন্যদিকে, সম্প্রতি অবৈধ অনুপ্রবেশ এবং বিদেশি নাগরিকদের জন্য ভুয়ো ভারতীয় নথি তৈরির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও একাধিক রাজ্যে তল্লাশি চালিয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ-সহ দেশের ১৩টি জায়গায় এই অভিযান চালানো হয়। তদন্তে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনাও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতা পুলিশের এই নতুন উদ্যোগের লক্ষ্য হল, ভিসার নিয়ম লঙ্ঘন করে বা ভুয়ো পরিচয় ব্যবহার করে কেউ যাতে শহরে অবৈধভাবে বসবাস করতে না পারেন, তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা দ্রুত কার্যকর করা।


Recent Comments