Susmita Das: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার প্রশাসনের সাফল্যের খতিয়ান প্রকাশ করল হোয়াইট হাউস। সোমবার প্রকাশিত ‘Promises Made, Promises Kept, Results Delivered’ শীর্ষক নথিতে মোট ১২৭টি প্রতিশ্রুতি পূরণের দাবি করেছে ট্রাম্প প্রশাসন। সেই তালিকায় বিশেষ গুরুত্ব পেয়েছে ভারতের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা।
হোয়াইট হাউসের দাবি, শুল্ককে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করেই ভারত-সহ একাধিক দেশের সঙ্গে আমেরিকার অনুকূল বাণিজ্যিক শর্ত আদায় করতে পেরেছেন ট্রাম্প। প্রশাসনের বক্তব্য, এই নীতির ফলে মার্কিন শ্রমিক, কৃষক ও উৎপাদকদের স্বার্থ সুরক্ষিত হয়েছে।
ভারতের প্রসঙ্গে হোয়াইট হাউস জানিয়েছে, দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যিক সমঝোতার পথ তৈরি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও আমেরিকা একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো ঘোষণা করে।
সেই কাঠামো অনুযায়ী, ভারতীয় পণ্যের উপর মার্কিন পারস্পরিক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার কথা জানানো হয়। পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার কারণে আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তও ঘোষণা করেন ট্রাম্প। বিনিময়ে ভারত আমেরিকার কাছ থেকে আগামী পাঁচ বছরে ৫০০ বিলিয়ন ডলারের জ্বালানি, বিমান, প্রযুক্তি-সহ বিভিন্ন পণ্য কেনার পরিকল্পনা জানিয়েছে।
তবে হোয়াইট হাউসের নথিতে ভারত-আমেরিকার বাণিজ্যিক চুক্তিকে সম্পূর্ণ কার্যকর চুক্তি হিসেবে তুলে ধরা হলেও বাস্তবে ফেব্রুয়ারিতে ঘোষিত বিষয়টি ছিল অন্তর্বর্তী চুক্তির কাঠামো। দুই দেশই চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিল।
অন্যদিকে, ভারত-পাকিস্তান সংঘর্ষ থামাতেও ট্রাম্প প্রশাসন মধ্যস্থতার কৃতিত্ব দাবি করেছে, যদিও নয়াদিল্লি বরাবরই তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি অস্বীকার করেছে। ফলে নির্বাচনের আগে ট্রাম্পের সাফল্যের তালিকা ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।

Recent Comments