back to top
Tuesday, November 10, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeবিনোদন​প্যারিস নয়, পাহাড়ি কুইন দার্জিলিংয়েই হানিমুন সেরেছিলেন শাহরুখ-গৌরী! কোন রাজকীয় হোটেলে ছিলেন...

​প্যারিস নয়, পাহাড়ি কুইন দার্জিলিংয়েই হানিমুন সেরেছিলেন শাহরুখ-গৌরী! কোন রাজকীয় হোটেলে ছিলেন দম্পতি? থাকতে খরচই বা কত?


Sharanya Ghosh: ​বলিউডের ‘কিং খান’ মানেই রোম্যান্সের অপরিসীম সংজ্ঞা। পর্দায় যাঁর জাদুকরি ইশারায় বুঁদ হয়ে থাকে গোটা দেশ, সেই শাহরুখ খান বাস্তব জীবনেও ভীষণরকম রোম্যান্টিক। কিন্তু জানেন কি, বিয়ের পর নববধূর সঙ্গে হানিমুনে কোথায় গিয়েছিলেন শাহরুখ? বিদেশ বা প্যারিস নয়, তাঁর গন্তব্য ছিল আমাদের পশ্চিমবঙ্গেরই পাহাড়ি রত্ন দার্জিলিং!
​প্যারিসের বদলে কেন দার্জিলিং?

​১৯৯১ সালের অক্টোবর মাসে গৌরী খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহরুখ। বিয়ের পর স্ত্রীকে প্যারিসে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সময়ে বিমানের টিকিট কাটার মতো পর্যাপ্ত অর্থ তাঁর কাছে ছিল না। ঠিক সেই সময়ই ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবির একটি গানের শুটিংয়ের জন্য দার্জিলিংয়ে যাওয়ার সুযোগ আসে। সুযোগ হাতছাড়া না করে গৌরীকে সঙ্গে নিয়েই পাহাড়ে পাড়ি দেন অভিনেতা। স্ত্রীকে মজা করে তিনি এও বলেছিলেন যে, তাঁরা নাকি প্যারিসেই এসেছেন! পরবর্তীতে এই সফরই হয়ে ওঠে তাঁদের দাম্পত্য জীবনের অন্যতম মধুর স্মৃতি।
​কোন হোটেলে ছিলেন শাহরুখ-গৌরী?

​এই তারকা দম্পতির স্মৃতিবিজড়িত সেই হোটেলটি আজও দার্জিলিংয়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। হেরিটেজ এই হোটেলটির নাম ‘দ্য এলগিন’ (The Elgin)। ১৮৮৭ সালে নির্মিত এই মনোরম ভবনটি প্রথমে কোচবিহারের মহারাজার ম্যানর হাউস বা রাজবাড়ি ছিল, যা পরবর্তীতে একটি বিলাসবহুল হেরিটেজ হোটেলে রূপান্তরিত হয়।
​হোটেলটির অন্দরমহলে আজও ধরে রাখা হয়েছে ব্রিটিশ আমলের ঔপনিবেশিক ছোঁয়া। কাঠের পলিশ করা মেঝে, প্রাচীন দিনের আসবাবপত্র, ফায়ারপ্লেস এবং রাজকীয় সাজসজ্জা পর্যটকদের সহজেই অতীতে ফিরিয়ে নিয়ে যায়। শুধু শাহরুখ-গৌরীই নন, অতীতে দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই হোটেলে অতিথী হয়ে কাটিয়ে গেছেন।
​এক রাত থাকতে খরচ কত?

আপনিও যদি প্রিয় তারকার স্মৃতিমাখা এই রাজকীয় হেরিটেজ হোটেলে রাত কাটাতে চান, তবে পকেট একটু ভারী করতেই হবে। অনলাইন বুকিংয়ের বিভিন্ন তথ্য অনুযায়ী, এই হোটেলে প্রতি রাতের রুম ভাড়ার সূচনা হয় প্রায় ১২,০০০ টাকা থেকে। তবে ঘরের ধরণ (ডিলাক্স রুম, অ্যাটিক রুম বা স্যুট), ভ্রমণের মরশুম এবং খাবারের প্যাকেজের ওপর নির্ভর করে এই খরচ আরও বাড়তে পারে।

আরো পড়ুন:  বিদায় ‘ডোরেমন’-এর রূপকার: চলে গেলেন কিংবদন্তি পরিচালক সুতোমু শিবায়ামা

পাহাড়ের কোলে প্রিয় মানুষটিকে নিয়ে রোম্যান্টিক ছুটি কাটাতে চাইলে কিং খানের পদাঙ্ক অনুসরণ করে ঘুরে আসতেই পারেন এই ঐতিহাসিক ‘দ্য এলগিন’ হোটেল থেকে!

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments