রাজ্যে এখনই থামছে না ঝড়-বৃষ্টির দাপট। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে India Meteorological Department-এর আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের মতে, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ১৬ মার্চ পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) ও বুধবার (১১ মার্চ) দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোলকাতা, হাওড়া, হুগলী, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকতে পারে। তবে বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কমতে পারে এবং শুক্রবার ও শনিবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও দীর্ঘস্থায়ী হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ১৬ মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ারও সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সময় অনেক জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু কিছু এলাকায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে বীরভূম ও পশ্চিম বর্ধমানে।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির কারণে তাপমাত্রায় খুব বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বরং আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির বিরতি ঘটলে ফের আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে এবং তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে।


Recent Comments