রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে নামের হুবহু মিল থাকায় চরম বিপাকে পড়লেন উত্তর কলকাতার সেভেন ট্যাঙ্ক লেনের এক সাধারণ দম্পতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ নামের এই দম্পতি বর্তমানে নিজেদের পরিচিতি ও গোপনীয়তা রক্ষার লড়াইয়ে স্থানীয় পুরসভা ও পুলিশের দ্বারস্থ হয়েছেন।ঘটনার সূত্রপাত হয় যখন সোশ্যাল মিডিয়ায় একটি ফ্ল্যাটের ছবি ও ঠিকানা ছড়িয়ে পড়ে, যেখানে মালিক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষের নাম উঠে আসে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। অনেকে এই দম্পতিকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী সায়নী ঘোষের সঙ্গে গুলিয়ে ফেলেন। যার ফলে ওই দম্পতির সাধারণ জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।ভুক্তভোগী অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ১৯ডি, সেভেন ট্যাঙ্ক লেনের ফ্ল্যাটটি তাঁদের যৌথ সম্পত্তি। তিনি ও তাঁর স্ত্রী গত তিন বছর ধরে এই ঠিকানায় বসবাস করছেন। তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং দুজনেই চাকুরিজীবী।
সায়নী ঘোষের পদবি কেন ‘ঘোষ’ রয়ে গিয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট করেন, বিয়ের পর কর্মক্ষেত্রে জটিলতা এড়াতে তাঁর স্ত্রী আগের পদবিই ব্যবহার করছেন। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে এবং একটি মধ্যবিত্ত পরিবার হিসেবে তাঁরা নিজেদের জীবন গোছানোর সংগ্রাম করছেন। ফ্ল্যাটের ইএমআই-এর ভারের পাশাপাশি এই অনভিপ্রেত বিতর্ক তাঁদের মানসিক চাপের মুখে ফেলেছে।
বাড়ি ঘিরে ইউটিউবার ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিড় বাড়ায় এবং সাধারণ মানুষের কৌতুহলের কারণে গত কয়েকদিন তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে তাঁরা স্থানীয় পুরসভা এবং সিঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী দম্পতির বিনীত আর্জি, তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানো হোক। তাঁদের দাবি, নামের বিভ্রান্তি কাটিয়ে সাধারণ মধ্যবিত্ত পরিবার হিসেবে যেন তাঁরা শান্তিতে বসবাস করতে পারেন, সেই সুযোগ যেন সমাজ ও সংবাদমাধ্যম করে দেয়।
‘


Recent Comments