কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড়। এবার বিধাননগর দক্ষিণ থানার পুলিশের তলব এড়িয়ে অসুস্থতার কারণ দেখিয়ে আরও ১৪ দিনের সময় চাইলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৫ জুন থানায় হাজির হতে বলা হয়েছিল অরূপ বিশ্বাসকে। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি পুলিশের কাছে একটি চিঠি পাঠিয়ে জানান, শারীরিক অসুস্থতার কারণে এখনই হাজিরা দেওয়া সম্ভব নয়। সেই সঙ্গে একটি মেডিক্যাল সার্টিফিকেটও জমা দিয়েছেন তিনি।
গত বছরের ডিসেম্বরে যুবভারতীতে বিশ্বজয়ী ফুটবল তারকা লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার দর্শকের ভিড় হলেও, অভিযোগ ওঠে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার। প্রায় ৩৫ হাজার দর্শক টিকিট কেটে মাঠে এলেও অনেকে মেসিকে কাছ থেকে দেখতে পাননি বলেই অভিযোগ করেন।
ঘটনার পর থেকেই ইভেন্ট পরিচালনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ, মাঠের বহু আসন এবং গুরুত্বপূর্ণ অংশ রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও তাঁদের ঘনিষ্ঠদের দখলে ছিল। এর জেরেই সাধারণ দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।
এই মামলায় ইতিমধ্যেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তিনি জামিনে মুক্ত। জেল থেকে বেরিয়েই তিনি বিস্ফোরক অভিযোগ করেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। শতদ্রুর দাবি, অনুষ্ঠানের আগে প্রায় ২২ হাজার কমপ্লিমেন্টারি টিকিট চাওয়া হয়েছিল এবং তা না দিলে অনুষ্ঠান বাতিলের হুমকিও দেওয়া হয়।
অভিযোগ আরও, সেই ফ্রি টিকিটের একটি বড় অংশ পরে কালোবাজারে বিক্রি করা হয়। পাশাপাশি, মেসির নিরাপত্তা ব্যবস্থাতেও একাধিক অনিয়ম হয়েছিল বলে অভিযোগ উঠেছে। অনুমতি ছাড়া বহু ব্যক্তিকে মাঠে প্রবেশ করানো হয়েছিল বলেও দাবি তদন্তকারীদের।
গত ১৭ মে এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে টিকিট কালোবাজারি, প্রতারণা, ভয় দেখানো এবং নিরাপত্তায় গাফিলতির মতো একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
এখন অরূপ বিশ্বাসের সময় চাওয়ার আবেদন মঞ্জুর করা হবে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহল ও ক্রীড়াপ্রেমীদের।


Recent Comments