টানা দুই দিনের উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান ঘটল। অবশেষে পরিবারের কাছে ফিরেছে রাজ্য স্তরের প্রতিভাবান শুটার দময়ন্তী সেন। তাঁর নিরাপদে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবার-পরিজন, পাশাপাশি স্বস্তি মিলেছে পুলিশ প্রশাসনেরও।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়েছিলেন মাত্র ১৫ বছরের দময়ন্তী। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। খোঁজ নিয়ে জানা যায়, শেষবার তাঁকে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। তবে এরপর কোথায় গিয়েছিলেন, তার কোনও খোঁজ মিলছিল না।
মোবাইল ফোনও সঙ্গে ছিল না, কারণ ফোনটি বাড়িতেই বাবার কাছে ছিল। ফলে প্রযুক্তিগতভাবে তাঁর অবস্থান নির্ণয় করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি সামনে আসতেই রাজ্যজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়াতেও দময়ন্তীর খোঁজে অসংখ্য পোস্ট ভাইরাল হয়। তদন্তে গতি আনতে রাজ্য পুলিশের পক্ষ থেকে চার সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়।
অবশেষে শনিবার সকালে দময়ন্তীকে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনা হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর নিরাপদে ফেরার খবর নিশ্চিত করা হয়েছে।
তবে এই দুই দিন তিনি কোথায় ছিলেন, কী কারণে বাড়ি ছেড়ে বেরিয়েছিলেন এবং তাঁর নিখোঁজ হওয়ার নেপথ্যে কোনও বিশেষ কারণ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দময়ন্তীর সঙ্গে কথা বলে পুরো ঘটনার কারণ জানার চেষ্টা করছে।
জাতীয় দলের ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছিলেন দময়ন্তী। এমন এক প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদের আচমকা নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে নানা প্রশ্ন উঠলেও, তাঁর নিরাপদে ফিরে আসাই এখন পরিবারের কাছে সবচেয়ে বড় স্বস্তির খবর।


Recent Comments