Sushmita Sengupta: মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। মার্ভেল অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার পর বড় পর্দায় এসেছে ছবিটি। তবে ছবির গল্প বা বক্স অফিসের সাফল্যের জন্য নয়, এবার অন্য একটি ঘটনার কারণে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই সিনেমা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সিনেমা হলের মধ্যেই কয়েকজন দর্শকের মধ্যে তুমুল তর্ক বিতর্ক চলছে। কিছুক্ষণের মধ্যেই সেই তর্ক বিতর্ক হাতাহাতিতে পৌঁছে যায়। ঘটনাটি ঘটে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র একটি প্রদর্শনীর সময়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্পয়লার দেওয়াকে কেন্দ্র করেই এই অশান্তির সূত্রপাত।
জানা গিয়েছে, এক দর্শক তাঁর পাশে বসা বন্ধুকে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্য এবং শেষের অংশ সম্পর্কে আগেভাগেই বলতে শুরু করেন। সেই কথা অন্য দর্শকদের কানে যেতেই তাঁরা আপত্তি জানান। তাঁদের অভিযোগ, নতুন ছবি দেখতে এসে আগেই গল্প জেনে গেলে সিনেমা দেখার আসল আনন্দটাই নষ্ট হয়ে যায়। এই বিষয়টি নিয়েই প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
ঘটনাস্থলে উপস্থিত অন্য দর্শকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যেও শুরু হয়েছে তুমুল আলোচনা। যদিও ঘটনাটি ঠিক কোন প্রেক্ষাগৃহে ঘটেছে, তা সঠিকভাবে জানা যায়নি। ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজস্কোপ ডিজিটাল।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, নতুন মুক্তি পাওয়া কোনও ছবির স্পয়লার প্রকাশ করা উচিত নয়। কারণ, অনেকেই প্রথমবার সিনেমা দেখতে যান গল্পের প্রতিটি মুহূর্ত উপভোগ করার জন্য। আবার অন্য একাংশের মত, স্পয়লার দেওয়া ভুল হলেও তারজন্য মারামারি কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। এমন পরিস্থিতিতে সংযম বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এদিকে ছবিতে টম হল্যান্ড আবারও স্পাইডার ম্যানের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমা মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে ভিড় দেখা যাচ্ছে। সেই আবহের মধ্যেই এই ভাইরাল ঘটনা ছবিটিকে আরও একবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
সিনেমা প্রেমীদের একাংশের মতে, প্রেক্ষাগৃহে ছবি দেখার কিছু অলিখিত নিয়ম রয়েছে। অন্যের সিনেমা দেখার অভিজ্ঞতা নষ্ট না করা তারমধ্যে অন্যতম। তাই সিনেমা চলাকালীন স্পয়লার এড়িয়ে চলার পাশাপাশি, কোনও পরিস্থিতিতেই উত্তেজনার বশে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।

Recent Comments