back to top
Wednesday, September 9, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
HomeWeather Reportথামছে না বর্ষার দাপট! জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, জেলায় জেলায় সতর্কতা

থামছে না বর্ষার দাপট! জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, জেলায় জেলায় সতর্কতা

বর্ষা বিদায়ের সময় ঘনিয়ে এলেও পশ্চিমবঙ্গে এখনও বৃষ্টির দাপট অব্যাহত। একদিকে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল, অন্যদিকে জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ অঞ্চলটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর পাশাপাশি বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে দিঘা পর্যন্ত বিস্তৃত হয়ে তা বঙ্গোপসাগরে পৌঁছেছে। এই একাধিক আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও আগামী সপ্তাহের মাঝামাঝি ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

আগামী বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ডিভিসির জল ছাড়ার জেরে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় তৈরি হওয়া বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন:  নিম্নচাপ সরে গেলেও দুর্যোগ কাটেনি, উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া

উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন বৃষ্টির দাপট অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহারে রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার উত্তর দিনাজপুরেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত এই দুই জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।

এদিকে, শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম। আগামী কয়েক দিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments