দুর্গাপুজোর সময়ে বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার আইনি সমস্যায় বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। আমিষভোজী বাঙালিদের ‘ভণ্ড’ বলে মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করল প্রদেশ কংগ্রেস।
মঙ্গলবার ভবানীপুর থানার সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা। মধ্য কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মানস সরকারের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, বাংলায় এসে বাঙালির দুর্গাপুজো পালন ও খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করে বাঙালির সংস্কৃতি ও ভাবাবেগে আঘাত করেছেন বাগেশ্বর বাবা।
সম্প্রতি হাওড়ার একটি ‘হনুমান কথা’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুজোর সময়ে মাছ-মাংস খাওয়া নিয়ে আপত্তি জানান বাগেশ্বর বাবা। অভিযোগ, পুজোর সময়ে আমিষভোজীদের ‘পাখণ্ডী’ বা ‘ভণ্ড’ বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি বাঙালির খাদ্যাভ্যাস নিয়েও কটাক্ষ করা হয় বলে অভিযোগ। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক।
কংগ্রেসের অভিযোগপত্রে বলা হয়েছে, বাংলায় এসে বাঙালিকে কীভাবে দুর্গাপুজো পালন করতে হবে এবং কী খাওয়া উচিত বা অনুচিত, তা শেখানোর চেষ্টা করা হয়েছে। যা বাংলা ও বাঙালির সংস্কৃতির প্রতি অসম্মানজনক।
এই ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। কংগ্রেস নেতৃত্ব বাগেশ্বর বাবার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ভবানীপুর থানায় অভিযোগ দায়েরের পর দুর্গাপুজোর আমিষ-নিরামিষ বিতর্ক নতুন করে রাজনৈতিক মাত্রা পেয়েছে।


Recent Comments