দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রিবাহী ট্রেন পরিষেবা চালুর সম্ভাবনা জোরালো হচ্ছে। দুর্গাপুজোর আগেই মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস পুনরায় চালু হতে পারে বলে রেল মন্ত্রক সূত্রে ইঙ্গিত মিলেছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের উচ্চপদস্থ রেলকর্তাদের দ্বিপাক্ষিক বৈঠক।
‘ইন্টার গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং’ বা আইজিআরএম নামে পরিচিত এই দু’দিনের বৈঠকে দুই দেশের মধ্যে বন্ধ থাকা রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ঢাকায় বাংলাদেশ রেল ভবনে আয়োজিত এই বৈঠকে দুই দেশের রেল আধিকারিকদের পাশাপাশি বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ প্রতিনিধিরাও উপস্থিত থাকছেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, দীর্ঘদিন বন্ধ থাকা মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেস ফের চালুর বিষয়ে প্রাথমিক আলোচনা হতে পারে এই বৈঠকে। পাশাপাশি রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন একটি যাত্রিবাহী ট্রেন পরিষেবা চালুর প্রস্তাবও বাংলাদেশের পক্ষ থেকে তোলা হতে পারে। দুই দেশের মধ্যে রেল যোগাযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যেই এই প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের রুট পরিবর্তনের বিষয়টিও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে। বর্তমানে ব্যবহৃত যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু হয়ে ট্রেন চালানোর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের মধ্যে প্রাথমিক ঐকমত্য তৈরি হয় কি না, সেদিকেও নজর রয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকেই ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী এই তিনটি গুরুত্বপূর্ণ যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। একসময় মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেস দুই দেশের মানুষের যাতায়াতের অন্যতম সহজ এবং জনপ্রিয় মাধ্যম ছিল। এই ট্রেনগুলির মাধ্যমে কলকাতা ও উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকার সরাসরি রেল যোগাযোগ গড়ে উঠেছিল।
বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রেও রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশ। বাংলাদেশ সরকার পুনরায় ট্রেন পরিষেবা চালু করতে আগ্রহ দেখালে ভারতের তরফেও ইতিবাচক মনোভাবের ইঙ্গিত মিলেছে।
সব মিলিয়ে ঢাকার এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকেই এখন তাকিয়ে রয়েছে দুই দেশের মানুষ। বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হলে দুর্গাপুজোর আগেই ফের ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন পরিষেবার চাকা গড়াতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।


Recent Comments