চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। মণ্ডপ ভেঙে পড়ছে বলে মাইকে ঘোষণা করে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অভিযোগে পুজো কমিটির কোষাধ্যক্ষ সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার নদিয়া থেকে তাঁকে আটক করার পর জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় নিয়ে আসা হয়।
তদন্তকারীদের সন্দেহ, বিপর্যয়ের সময় মাইকে হওয়া ওই ঘোষণার ফলে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায় এবং বেরিয়ে যাওয়ার পথে হুড়োহুড়ি শুরু হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় মণ্ডপে মাইকের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল, ‘মণ্ডপ ভেঙে যাচ্ছে।’ প্রত্যক্ষদর্শীদের দাবি, এই ঘোষণার পর বহু মানুষ দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের নজরে রয়েছেন আরও এক সন্দেহভাজন ঘোষক, যাঁর খোঁজে তল্লাশি চলছে। তদন্তকারীরা জানতে চাইছেন, সঞ্জীব নিজে থেকেই ওই ঘোষণা করেছিলেন, নাকি কারও নির্দেশে তা করা হয়েছিল। চোরবাগান দুর্ঘটনার তদন্তে কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দলও (সিট) কাজ করছে।
বৃহস্পতিবার তদন্তকারী দল মণ্ডপ পরিদর্শন করে প্রবেশ ও প্রস্থানের পথ, নিরাপত্তাব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণের পরিস্থিতি খতিয়ে দেখে। ফরেনসিক দলও ঘটনাস্থলের থ্রিডি স্ক্যান করেছে, যাতে দুর্ঘটনার সময়কার পরিকাঠামো ও পরিস্থিতি বিশ্লেষণ করা যায়। প্রাথমিক তদন্তে অতিরিক্ত ভিড়, বৃষ্টি, সংকীর্ণ রাস্তা এবং ভিড় নিয়ন্ত্রণে সম্ভাব্য গাফিলতির বিষয়গুলি উঠে এসেছে। তবে বিপর্যয়ের প্রকৃত কারণ ও কার কতটা দায়, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।


Recent Comments