রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে উৎসবের রঙ ছড়িয়ে পড়ল সাধারণ মানুষের মধ্যেও। সেই আবেগকেই অন্য মাত্রা দিলেন বালুরঘাট শহরের এক ছোট ব্যবসায়ী। বিজেপির জয়ের আনন্দে তিনি নিজের উদ্যোগেই কয়েকশো মানুষকে বিনামূল্যে ডালপুরি খাইয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।মঙ্গলবার সকাল থেকেই বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
মানুষের ভিড়ে কার্যত সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। এই আয়োজনের নেপথ্যে ছিলেন স্থানীয় ডালপুরি বিক্রেতা উত্তম রবিদাস। সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি পথচলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা—সকলকেই গরম গরম ডালপুরি পরিবেশন করেন সম্পূর্ণ বিনামূল্যে।বিশেষ বিষয় হলো, এই উদ্যোগের জন্য তিনি কারও কাছ থেকে কোনো অনুদান বা সাহায্য নেননি। সম্পূর্ণ নিজের খরচেই এই আয়োজন করেন তিনি।
তাঁর এই উদ্যোগে খুশি হয়েছেন এলাকার মানুষও।কেন এমন আয়োজন? উত্তরে উত্তমবাবু জানান, দীর্ঘদিন ধরে রাজ্যে শিল্পের অভাব এবং কর্মসংস্থানের সংকটে তিনি হতাশ ছিলেন। তাঁর মতে, অনেক শিক্ষিত যুবক কাজের অভাবে বাধ্য হয়ে ছোটখাটো পেশায় যুক্ত হচ্ছেন। এই পরিস্থিতির পরিবর্তন দরকার বলেই তিনি মনে করেন। আর সেই পরিবর্তনের আশাতেই বিজেপির জয়ের আনন্দে সাধারণ মানুষের সঙ্গে এইভাবে খুশি ভাগ করে নিতে চেয়েছেন তিনি।

Recent Comments