back to top
Tuesday, October 13, 2026
Leaderboard Ad Space (728x90) - Responsive
Homeরাজ্য ও রাজনীতিSIR-এর পর ভোটার তালিকায় ২.৭৩ কোটি নতুন তরুণ, তথ্য প্রকাশ নির্বাচন কমিশনের

SIR-এর পর ভোটার তালিকায় ২.৭৩ কোটি নতুন তরুণ, তথ্য প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটের তালিকায় তরুণদের নাম তোলা নিয়ে তৈরি হওয়া জল্পনার মধ্যেই পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের পর ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ১৮ থেকে ২৮ বছর বয়সি ২ কোটি ৭৩ লক্ষ নতুন তরুণ ভোটারের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে।

নির্বাচন কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের বার্ষিক কর্মসূচি বা এসএসআর (SSR)-এর নির্দিষ্ট সময়সীমার বাইরেও ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সুযোগ চালু থাকে। এই ব্যবস্থাকে ‘কন্টিনিউয়াস আপডেশন’ বলা হয়। ফলে যোগ্য নাগরিকরা সারা বছরই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় নিজেদের নাম যুক্ত করার আবেদন করতে পারেন।

কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, ২.৭৩ কোটি নতুন তরুণ ভোটারের পরিসংখ্যানের মধ্যে শুধু ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররাই নেই। আগে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করলেও কোনও কারণে ভোটার তালিকায় নাম ওঠেনি, অথবা পরে সংশোধনের মাধ্যমে তালিকায় নাম যুক্ত হয়েছে—এমন তরুণদেরও এই হিসাবের মধ্যে রাখা হয়েছে।

নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য ‘ফর্ম ৬’ পূরণ করার সুযোগও সারা বছর চালু থাকে বলে জানিয়েছে কমিশন। SIR প্রক্রিয়া চলাকালীনও তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে চালু ছিল বলে দাবি কমিশনের।

প্রসঙ্গত, সাধারণত প্রতি বছর মে মাসের শেষ দিকে SSR-এর দিনক্ষণ ঘোষণা করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর—এই চারটি যোগ্যতা-তারিখের ভিত্তিতে ১৮ বছর পূর্ণ করা নাগরিকরা ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারেন।

তবে ‘ইকোনমিক টাইমস’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৪ সালের পর ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য এখনও SSR ঘোষণা করা হয়নি। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, নির্বাচন কমিশনের দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী SSR দ্রুত চালুর পক্ষে মত দিলেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাতে সম্মতি দেননি। SIR চলাকালীন আলাদা করে SSR-এর প্রয়োজন রয়েছে কি না, তা নিয়েও আইনি পরামর্শ নেওয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরো পড়ুন:  Swapna Barman appeals to the government for help: “একজন নারী হিসেবে সরকারের কাছে নিরাপত্তা চাইছি”, আর্জি সোনাজয়ী স্বপ্নার

এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পর কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। দলের অভিযোগ, নতুন প্রজন্মের ভোটারদের নিয়ে রাজনৈতিক কারণে উদ্বেগ তৈরি হয়েছে এবং SSR না হওয়ায় উত্তরপ্রদেশ ও গোয়ার মতো আগামী বছর বিধানসভা নির্বাচন হতে চলা রাজ্যগুলিতে নতুন ভোটারদের নাম নথিভুক্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তবে নির্বাচন কমিশন প্রকাশিত পরিসংখ্যানে ২০২৫ সালের পর থেকে ২.৭৩ কোটি তরুণ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার তথ্য তুলে ধরেছে।

Author

RELATED ARTICLES
- Advertisment -
Demo Ad
Sponsored Links

Most Popular

Recent Comments