Sk Armaan Hossain: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিক্ষোভ আটকাতে দিল্লির বিভিন্ন এলাকায় হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর কর্মী মোতায়েন করা হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ করার চেষ্টা করায় শত শত মানুষকে আটক করে পুলিশ। আটক করা হয়েছে ‘ককরোচ’ যুব আন্দোলনের প্রতিষ্ঠাতা তথা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকেও।
বিক্ষোভকারীদের মূল দাবি ছিল, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকায় পরিবর্তনের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন শাসক দল বিজেপি সুবিধা পেতে পারে। তবে বিজেপির বক্তব্য, নির্বাচনে মোদিকে হারাতে না পেরে বিরোধীরা ভোটার তালিকা নিয়ে অভিযোগ তুলছে।
আন্দোলনকারীদের পরিকল্পনা ছিল, দিল্লির নির্ধারিত বিক্ষোভস্থল যন্তর মন্তরে হাজার হাজার মানুষকে নিয়ে জমায়েত করা। কিন্তু বিক্ষোভ শুরু হওয়ার আগেই নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে। ফলে সেখানে বড় জমায়েত করা সম্ভব হয়নি। তবে শহরের অন্য কয়েকটি জায়গায় ছোট ছোট বিক্ষোভ দেখা যায়। একটি জনপ্রিয় হস্তশিল্পের বাজার এবং মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের কাছেও বিক্ষোভকারীরা জড়ো হন। সেখানে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া হয়।

Recent Comments