“লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিটা কী! কই বিহারে তো হল না, ওড়িশায় হল না, রাজস্থানে হল না। তোমার রাজ্যে হল না। পশ্চিমবঙ্গে কেন হল? কারণ পশ্চিমবঙ্গের উপর তোমাদের রাগ আছে। তোমরা বাংলাবিদ্বেষী।”
শনিবার রাতে বেহালার জনসভায় এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনারা জানেন আমি বেহালার মিটিংটা শেষ দিন করি। কিন্তু আমার কাছে কিছু খবর আছে। সেই জন্য আমি আগে করে নিলাম। সেটা আমি এখন আর বলছি না। এরা প্রধানমন্ত্রীর সভা যেই শেষ হয়ে যায়, সব শেষ করে দেয়। আমি শুনলাম ওনার নাকি ২৭ তারিখে মিটিং আছে।”
মমতা বলেন, “দু’দিন আগের ভোটে আমরা শতাধিক আসন পাব। দ্বিতীয় পর্যায়ের ভোটেও আপনাদেরও ১০০ পার করাতে হবে। সেই দায়িত্বটা আপনাদের নিতে হবে।”
সভায় তিনি বলেন, “এ বারের লড়াইটা গণতন্ত্রের লড়াই। বিজেপি নামক একটা অপদার্থ পার্টি, যারা বিধর্মী, ধর্ম মানে না। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মানে না। যারা রাজা রামমোহন রায়ের স্বপ্ন জানে না। যারা গান্ধীজিকে ১০০ দিনের কাজের প্রকল্প থেকে বাদ দেয়। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে সন্ত্রাসবাদী বলে, তাদের আমি ধিক্কার জানাই।” এই সঙ্গে তোপ দাগেন, “বাইক বন্ধ করেছিল, আমরা চালু করিয়েছি কোনওরকমে’’।
এদিন সন্ধ্যায় ভবানীপুরের জোড়া সভার পরে বেহালার চৌরাস্তায় এই জনসভা ছিল তৃণমূলনেত্রীর। সেখানে বেহালা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এবং বেহালা পূর্বের প্রার্থী শুভাশিষ চক্রবর্তীর সমর্থনে সভা করেন তিনি।


Recent Comments