কলকাতা ও শহরতলির নিত্যযাত্রীদের জন্য বড় সুখবর। এবার শিয়ালদহ–বারাসত এসি লোকাল পরিষেবা আরও বাড়িয়ে বনগাঁ পর্যন্ত করা হচ্ছে। আগামী ২০ অগস্ট থেকে এই নতুন পরিষেবা চালু হবে। ফলে বারাসত ও বনগাঁ শাখার যাত্রীরা আরও আরামদায়ক পরিবহণের সুযোগ পাবেন।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শনিবার—সপ্তাহে মোট ছয় দিন এই এসি লোকাল চলবে। রবিবার পরিষেবা বন্ধ থাকবে। নতুন সূচি অনুযায়ী, ৩৩৪৪৯ আপ শিয়ালদহ–বনগাঁ এসি লোকাল শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছাড়বে। বারাসতে পৌঁছবে ১১টা ১৪ মিনিটে এবং এক মিনিট পর, অর্থাৎ ১১টা ১৫ মিনিটে বারাসত থেকে বনগাঁর উদ্দেশে রওনা দেবে। ট্রেনটি দুপুর ১২টা ২৩ মিনিটে বনগাঁ জংশনে পৌঁছবে।
বারাসতের পর ট্রেনটি বামনগাছি, দত্তপুকুর, বীরা, অশোকনগর রোড, হাবরা, মসলন্দপুর, গোবরডাঙা, ঠাকুরনগর ও চাঁদপাড়া-সহ নির্ধারিত স্টেশনগুলিতে থামবে।
ফেরার পথে ৩৩৪৪২ ডাউন বনগাঁ–শিয়ালদহ এসি লোকাল বনগাঁ থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে ছাড়বে। বারাসতে পৌঁছবে দুপুর ১টা ৪০ মিনিটে। এরপর মধ্যমগ্রাম, বিরাটি, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন ও বিধাননগর রোড হয়ে ট্রেনটি দুপুর ২টা ২৫ মিনিটে শিয়ালদহে পৌঁছবে।
এসি লোকাল পরিষেবা চালু হওয়ায় একই রুটের অন্য একটি ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। ৩৩৩৬৫ আপ বারাসত–বনগাঁ লোকাল ২০ অগস্ট থেকে বারাসত স্টেশন থেকে সকাল সাড়ে ১১টার পরিবর্তে সকাল ১১টা ৪০ মিনিটে ছাড়বে।
রেলের বক্তব্য, যাত্রীদের আরও স্বচ্ছন্দ ও আরামদায়ক যাত্রার সুযোগ করে দেওয়াই এই পরিষেবা সম্প্রসারণের মূল লক্ষ্য। বনগাঁ পর্যন্ত এসি লোকাল চালু হলে শিয়ালদহ ও উত্তর ২৪ পরগনার মধ্যে নিয়মিত যাতায়াত করা বহু যাত্রী উপকৃত হবেন।


Recent Comments