যাদবপুরে রাজনৈতিক কর্মসূচি থেকে ফের একবার সরব হলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেরুয়া পোশাকে গোলপার্ক থেকে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত আয়োজিত মিছিলে অংশ নিয়ে তিনি ঘোষণা করেন, আগামী দিনে আরও দু’বার যাদবপুরে আসবেন। একবার বেদপাঠ এবং অন্যবার হনুমান চল্লিশা পাঠের কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান তিনি।
বুধবারের এই মিছিলে শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা-কর্মী এবং সাধু-সন্তরা। যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, গেরুয়ার অপমান কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি জানান, যাদবপুরে তিনদিন ধরে বেদপাঠের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি পরিষদের ডাকে ওই কর্মসূচিতে সমস্ত রাষ্ট্রবাদী মানুষের অংশগ্রহণের আহ্বানও জানান তিনি।
শুভেন্দুর বক্তব্য, দেশ ও গেরুয়াকে যাঁরা অপমান করছেন, তাঁদের জবাব দিতেই একবার বেদপাঠ এবং একবার হনুমান চল্লিশা পাঠ করতে যাদবপুরে আসবেন তিনি।
যাদবপুরের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তীব্র মন্তব্য করেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রভাব দীর্ঘদিন ধরে রয়েছে। দেওয়ালে কিষেনজির নাম লেখা নিয়েও আপত্তি জানান তিনি।
বক্তৃতায় শুভেন্দু আরও বলেন, যাদবপুরকে তিনি ঋষি অরবিন্দের ভূমি হিসেবে দেখেন এবং স্বামী বিবেকানন্দের আদর্শের বাংলায় গেরুয়ার মর্যাদা বজায় থাকবে। অতীতের রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক শক্তির বিরুদ্ধে আন্দোলনের মতোই আগামী দিনেও তাঁর লড়াই চলবে।
এদিন উচ্চশিক্ষা দফতর এবং বিধানসভায় আসন্ন বিশেষ অধিবেশন নিয়েও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, পরবর্তী দিনের বিধানসভা অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন।
যাদবপুরে শুভেন্দু অধিকারীর এই মিছিল ও মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


Recent Comments