দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। বুধবার সকালে ভাঙড় থানার অন্তর্গত নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। অভিযোগ, ট্র্যাফিক সিগন্যাল লাল থাকা সত্ত্বেও নিয়ম ভেঙে দ্রুতগতিতে এগিয়ে আসে একটি চারচাকা গাড়ি এবং একটি যাত্রীবাহী বাস। সেই সময় রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন এক মহিলা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে চারচাকা গাড়ির ধাক্কায় ওই মহিলা রাস্তায় ছিটকে পড়ে যান। এরপর ধামাখালি থেকে কলকাতাগামী একটি দ্রুতগতির বাস তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা দুর্ঘটনার সঙ্গে যুক্ত বাস ও চারচাকা গাড়িতে ভাঙচুর চালায়। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং এলাকায় ট্র্যাফিক আইন কার্যকর করার দাবিতে বাসন্তী হাইওয়ে অবরোধ করা হয়। প্রায় আধঘণ্টা ধরে চলা অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপের পর স্থানীয়রা অবরোধ তুলে নেন এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে যান চলাচলও স্বাভাবিক করা হয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট গাড়ি ও বাসের চালকদের ভূমিকা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নলমুড়ি এলাকায় এর আগেও একাধিক পথ দুর্ঘটনা ঘটেছে। ট্র্যাফিক সিগন্যাল থাকা সত্ত্বেও অনেক চালক নিয়ম মানেন না বলেই অভিযোগ তাঁদের। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে এলাকায় ট্র্যাফিক আইন আরও কঠোরভাবে কার্যকর করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Recent Comments