দ্বিতীয় দফার ভোটের মধ্যেই আচমকা বদলে গেল আবহাওয়া। সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা, আর শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। ভোটের লাইনে দাঁড়িয়ে থেকেই নাগরিকদের ঝড়বৃষ্টির মুখোমুখি হতে হচ্ছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই পাঁচ জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবারও পরিস্থিতির খুব একটা বদল হবে না। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও ৪০–৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে।এই ঝড়বৃষ্টির মূল কারণ কালবৈশাখী। এর প্রভাবে আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যা গরম থেকে সাময়িক স্বস্তি দেবে। আবহাওয়া দফতর জানিয়েছে, অন্তত আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির প্রভাব বজায় থাকবে।
উত্তরবঙ্গেও একই চিত্র। বুধবার এবং বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও, শুক্রবারের পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হালকা বৃষ্টি ও দমকা হাওয়া আগামী কয়েক দিন চলবে।এদিকে সমুদ্রেও পরিস্থিতি উত্তাল হতে পারে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কায় আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Recent Comments