ভোটের দিন দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে উত্তেজনার পারদ চড়ল এজেন্টকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে। সিপিআইএম প্রার্থী দিপ্সিতা ধর অভিযোগ করেছেন, তাঁর দলের এক পোলিং এজেন্টকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।ঘটনাটি ঘটে আলিপুর খেলার মাঠ সংলগ্ন একটি বুথের বাইরে।
অভিযোগ অনুযায়ী, বুথ থেকে প্রায় ১০০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা ওই এজেন্টকে একা পেয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা ঘিরে ধরে। প্রথমে তাঁকে ভয় দেখানো হয়, এরপর মারধর করা হয় বলেও দাবি করা হয়েছে।প্রার্থীর বক্তব্য, “আমাদের এক এজেন্টকে এলাকার কাউন্সিলর এবং তাঁর সঙ্গে থাকা এক যুবক হুমকি দেন এবং শারীরিকভাবে আক্রমণ করেন। তবুও তিনি বুথ ছেড়ে যাননি, ভিতরেই দায়িত্ব পালন করছেন।”এই ঘটনার পরপরই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাশাপাশি আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে।ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বলে প্রশাসন সূত্রে খবর। এলাকাজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে যাতে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।তবে এই অশান্তির অভিযোগের মাঝেও প্রার্থী জানিয়েছেন, বৃহত্তর চিত্রে ভোট প্রক্রিয়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে। সাধারণ ভোটাররা নির্ভয়ে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

Recent Comments