পবিত্র ইদ-উল-আজহার উৎসবে মেতেছে দেশ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিনে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, বৃহস্পতিবার এক তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী থাকল কলকাতা। শহরের ঐতিহ্যবাহী রেড রোডের বদলে এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হলো ঈদের প্রধান নমাজ।
এদিন সকালে এক্স হ্যান্ডেলে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “ইদ-উল-আজহার আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে সৌভ্রাতৃত্ব ও সুখের বার্তা আরও দৃঢ় করুক। সকলের সাফল্য ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।”
ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ্জ মাসের ১০ তারিখে এই পবিত্র উৎসব পালিত হয়। হজরত ইব্রাহিম ও তাঁর পুত্র হজরত ইসমাইলের ত্যাগের স্মৃতিবিজড়িত এই দিনটি বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এদিন সকালে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ নমাজ ও প্রার্থনার আয়োজন করা হয়।কলকাতার ক্ষেত্রে এবারের ঈদ উদযাপনে এক বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। রেড রোডে যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে রাজ্য প্রশাসনের সিদ্ধান্তে এবার ব্রিগেডের ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এদিন সকাল থেকেই ব্রিগেডে বহু মানুষের সমাগম দেখা যায়। প্রথমবার ময়দানে এই বড় মাপের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনে শহরবাসীও ছিলেন উৎসাহী।ইদের প্রাক্কালে বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। দুই রাষ্ট্রনেতার মধ্যে আলাপচারিতায় পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যের নিরাপত্তা ও জ্বালানি পরিকাঠামোর উপর হামলার বিষয়টি উঠে আসে। প্রধানমন্ত্রী ওই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফেরার আশা প্রকাশ করেছেন।
একই সঙ্গে, কাতারে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা ও সহযোগিতার জন্য সে দেশের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এদিকে, ইদ-উল-আজহা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে তিনি এই পবিত্র দিনের অভিনন্দন জানান। দিল্লি, উত্তরপ্রদেশ, হায়দরাবাদ সহ দেশের অন্যান্য প্রান্তেও এদিন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ত্যাগের এই উৎসব।


Recent Comments