দুর্গাপুজোর আনন্দের আবহে নেমে এল শোকের ছায়া। প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হলেন চার জন। মঙ্গলবার রাতে রাজস্থানের কোটায় কোটরি খালে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিখোঁজদের সন্ধানে জোরকদমে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কোটার স্টিল ব্রিজের কাছে কোটরি খালে দুর্গাপ্রতিমা বিসর্জন দিতে গিয়েছিলেন কয়েক জন। সেই সময় একটি নৌকায় প্রতিমা নিয়ে মোট সাত জন খালে নামেন। আচমকাই নৌকাটি উল্টে যাওয়ায় বিপত্তি ঘটে। নৌকায় থাকা সাত জনের মধ্যে তিন জন কোনও রকমে সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হন। কিন্তু বাকি চার জন জলে তলিয়ে যান। তাঁদের খোঁজে শুরু হয় তল্লাশি।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকেরা। উদ্ধারকাজে নামানো হয় স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF), ডুবুরি এবং সিভিল ডিফেন্সের দল। রাতেও চলে উদ্ধার অভিযান। নিখোঁজ চার জনের সন্ধানে খালের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়।
ঘটনাস্থলে পৌঁছন জেলা কালেক্টর পীযূষ সামারিয়া এবং সিটি পুলিশ সুপার তেজস্বিনী গৌতম। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধারকারী দল নিরন্তর চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার পর পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকেরা।
এদিকে, যে কোটরি খালে এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে প্রতিমা বিসর্জনের অনুমতি ছিল না বলে জানিয়েছেন রাজস্থানের মন্ত্রী মদন দিলাওয়ার। তাঁর বক্তব্য অনুযায়ী, ওই এলাকাকে প্রতিমা নিরঞ্জনের জন্য নির্দিষ্ট করা হয়নি। বিসর্জনের জন্য প্রশাসনের তরফে আগে থেকেই নির্দিষ্ট কয়েকটি স্থান চিহ্নিত করা রয়েছে। সেখানে উদ্ধারকারী দল, নৌকা ও ডুবুরির ব্যবস্থা রাখা হয়।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে নির্ধারিত ঘাট ও নির্দিষ্ট স্থানই যেন ব্যবহার করা হয়। যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, সে বিষয়েও সতর্ক করা হয়েছে।
উৎসবের শেষলগ্নে এই দুর্ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। আপাতত নিখোঁজ চার জনের সন্ধান পাওয়াই উদ্ধারকারী দল ও প্রশাসনের প্রধান লক্ষ্য।


Recent Comments