Susmita Das: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের বড়সড় ধাক্কার পরেও নিজের অবস্থান থেকে সরতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা স্পষ্ট হতেই বিরোধী শিবিরকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি দেশের স্বার্থে ডেমোক্র্যাটদের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাসও দিয়েছেন।
তবে সেই সুরের মধ্যেই নিজের সাংবিধানিক ক্ষমতার কথা মনে করিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, প্রয়োজনে বিরোধীদের আনা বিল আটকে দিতে ভেটো প্রয়োগ করতেও পিছপা হবেন না।
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি প্রস্তুত এবং ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার বিষয়ে তাঁর আপত্তি নেই।
অন্যদিকে, সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ডেমোক্র্যাটরা সহযোগিতা না করলে তাঁদের পাঠানো বিলগুলিতে ভেটো দিতে পারেন তিনি। তাঁর কথায়, “আমার হাতে চূড়ান্ত ক্ষমতা রয়েছে-সেটি হল ভেটো।” এমনকি নিজের এই অবস্থান বোঝাতে ‘মিস্টার ভেটো’ নামটিও গ্রহণ করেছেন তিনি।
নির্বাচনের ফল অনুযায়ী, ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সেনেট-দুই কক্ষেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চলেছে। এর ফলে ট্রাম্পের প্রশাসনিক ও আইন প্রণয়নের কর্মসূচি বাস্তবায়নে বাধা তৈরি হতে পারে। কংগ্রেসের কমিটিগুলির মাধ্যমে প্রশাসনের কাজকর্ম নিয়ে তদন্ত ও নজরদারির সুযোগও বাড়বে বিরোধীদের।
তবে ট্রাম্পের দাবি, তিনি নির্বাচনী প্রচারে যথাসাধ্য চেষ্টা করেছেন এবং নিজে ব্যালটে না থাকায় রিপাবলিকানদের ফল খারাপ হয়েছে। নির্বাচনী বিপর্যয়ের পর সহযোগিতার বার্তা দিলেও ভেটোর হুঁশিয়ারিতে ওয়াশিংটনের রাজনৈতিক সংঘাত যে আরও বাড়তে পারে, সেই ইঙ্গিতই মিলছে।

Recent Comments