দীর্ঘ দিনের ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। তবে এবার কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন গরমের অস্বস্তি বজায় থাকলেও শুক্রবার থেকে রাজ্যের আবহাওয়ায় বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা খুব কম। ফলে তাপমাত্রা খুব একটা না বাড়লেও বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকেই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে। স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি নামতে পারে।
বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারও এই পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে।
এ ছাড়াও শুক্রবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরেও আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইলে কিছুটা হলেও গরমের অস্বস্তি কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।
অন্য দিকে, উত্তরবঙ্গের আবহাওয়ায় আগামী সাত দিনে বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ পাহাড় ও সংলগ্ন কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।


Recent Comments