বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে একটি নতুন নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। একই সঙ্গে উত্তরবঙ্গেরও কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বর্তমানে ঝাড়খণ্ডের উপর অবস্থান করা নিম্নচাপ অঞ্চলটি কিছুটা দুর্বল হয়েছে। এর সঙ্গে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগামী কয়েক ঘণ্টায় সেটি আরও দুর্বল হতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগরের উপর থাকা আর একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ষাকালীন অক্ষরেখাও ঝাড়খণ্ডের নিম্নচাপ অঞ্চল হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াতেও অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।
মঙ্গলবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট ফের বাড়তে পারে। সোমবার থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙেও শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্রও উত্তাল রয়েছে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


Recent Comments