আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে শনিবার দুটি ভারতীয় জাহাজে গুলি চালিয়েছে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি)। জানা গিয়েছে, ‘জগ অর্ণব’ এবং ‘সানমার হেরাল্ড’ নামে দুটি অপরিশোধিত তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় এই হামলার মুখে পড়ে। বাধ্য হয়ে জাহাজ দুটিকে রুট বদল করে ফিরে আসতে হয়। সরকারি সূত্র অনুযায়ী, এই ঘটনায় কোনো নাবিক বা ক্রু আহত হননি। তবে একটি জাহাজের কেবিনের কাচ ভেঙে গিয়েছে।ভারতীয় জাহাজের ওপর এই হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফথালিকে জরুরি ভিত্তিতে তলব করা হয়।
বিদেশ সচিব বিক্রম মিসরি তাঁকে ডেকে ভারতের কড়া আপত্তির কথা জানিয়ে দিয়েছেন। ভারত স্পষ্ট জানিয়েছে যে, অসামরিক জাহাজের ওপর এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আন্তর্জাতিক জলপথে অবাধ ও মুক্ত নৌচলাচলের পক্ষে ভারতের যে অবস্থান, তা পুনরায় ইরানকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী কোনো দেশের ব্যক্তিগত সম্পত্তি নয় এবং ভারতীয় জাহাজগুলির নিরাপদ যাতায়াত দ্রুত নিশ্চিত করার কড়া বার্তা দিয়েছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই ভারতীয় জাহাজে হামলার এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করল।


Recent Comments