শিক্ষক দিবসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) বিশেষায়িত চিকিৎসা ও ডেন্টাল শাখা মেডি ভিশন’ (MeDe Vision West Bengal) এবং এবিভিপি-র (ডক্টর আর. আহমেদ ডেন্টাল কলেজ শাখা) যৌথ উদ্যোগে শনিবার ‘গুরুপ্রণাম ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়।
উদ্যোক্তারা জানান, পশ্চিমবঙ্গের ডেন্টাল চিকিৎসার আদিপীঠ ডক্টর আর. আহমেদ ডেন্টাল কলেজের প্রধান প্রেক্ষাগৃহে হয় রাজ্যস্তরের মহা-অধিবেশন। অনুষ্ঠানে রাজ্যের প্রথিতযশা অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রবীণ ডেন্টাল অধ্যাপক (WBDES), জেলা ও মহকুমা স্তরের সরকারি ডেন্টাল অফিসার (WBDS) এবং স্বনামধন্য ডেন্টাল চিকিৎসকদের এক সমাবেশ ঘটে।
প্রথাগত ছাত্র রাজনীতির ঊর্ধ্বে উঠে ডেন্টাল জগতের প্রবীণ শিক্ষক ও চিকিৎসকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা এবং রাজ্যের ডেন্টাল শিক্ষার মানোন্নয়নে এক নতুন মাইলফলক স্থাপন করল ‘মেডি ভিশন’। অধিবেশনের মঞ্চ অলঙ্কৃত করেন এবিভিপি পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক, ‘মেডিভিশন’-এর রাজ্য আহ্বায়ক এবং এবিভিপি-র রাজ্য ডেন্টাল শাখার মেন্টর।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এক আবেগঘন “গুরুপ্রণাম” পর্ব, যেখানে উপস্থিত রাজ্য নেতৃত্ব এবং ডেন্টাল কলেজের ছাত্র প্রতিনিধিরা প্রথাগত উত্তরীয়, বিশেষ স্মারক এবং গ্রন্থস্তবক প্রদানের মাধ্যমে বাংলার ডেন্টাল শিক্ষার মূল ভিত্তিপ্রস্তরস্বরূপ প্রবীণ শিক্ষকদের মঞ্চে প্রণাম করে সম্মানিত করেন। উপস্থিত প্রবীণ শিক্ষকমণ্ডলীও নবীন প্রজন্মের এই অনন্য প্রয়াসকে প্রাণভরে আশীর্বাদ জানান।
অধিবেশনের মূল অধিবেশনে এক জোরালো সাংগঠনিক ও নীতিগত বার্তা দিয়ে এবিভিপি রাজ্য সভাপতি ঘোষণা করেন যে, এখন থেকে এই সংগঠন ছাত্রস্তর ছাড়িয়ে রাজ্যের মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষক এবং সরকারি চিকিৎসকদের সমস্ত প্রশাসনিক ও পেশাগত সমস্যার সমাধানে একক ও শক্তিশালী ছাতা হিসেবে কাজ করবে।
এরপর এক দিকনির্দেশক ভাষণে এবিভিপি-র রাজ্য সম্পাদক আশ্বস্ত করে বলেন, রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের ডেন্টাল পরিকাঠামোর উন্নয়ন, চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রমোশনের সঠিক দাবি আদায়ে মেডিভিশন তার সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে লড়াই করতে বদ্ধপরিকর।
মঞ্চ থেকে এবিভিপি-র রাজ্য সভাপতি আনুষ্ঠানিকভাবে রাজ্যব্যাপী এই সদস্যপদ অভিযানের সূচনা করার সাথে সাথেই সমগ্র প্রেক্ষাগৃহে উপস্থিত শিক্ষক ও চিকিৎসকদের মধ্যে অভাবনীয় সাড়া জাগিয়ে স্বতঃস্ফূর্তভাবে অফলাইন ফর্ম পূরণ ও সদস্যপদ গ্রহণ শুরু হয়।


Recent Comments