দেশের সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর অন্যতম হলো জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন (JEE) অ্যাডভান্সড। প্রতি বছর লক্ষ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে। ২০২৬ সালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে এল ১ জুন। সদ্য প্রকাশিত ফলাফলে তাক লাগিয়ে দিয়েছেন বিহারের শুভম কুমার। ৩৬০ নম্বরের মধ্যে ৩৩০ পেয়ে তিনি সারা দেশে প্রথম (AIR 1) স্থান অধিকার করে নজির গড়েছেন।
প্রথমে সোমবার সকাল ১০টায় ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু পরে পরীক্ষার্থীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার রাতেই সরকারি পোর্টালে (jeeadv.ac.in) ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর, জন্ম তারিখ এবং নথিভুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে নিজেদের ফলাফল ও স্কোরকার্ড দেখতে পারছেন।এবারের ফলাফলে আবারও কোটার কোচিং সেন্টারের জয়জয়কার দেখা গেছে।
শীর্ষস্থানাধিকারী শুভম কুমার ছাড়াও কোটার আরও দুই পরীক্ষার্থী যথাক্রমে দ্বিতীয় এবং সপ্তম স্থান অর্জন করেছেন। শিক্ষা মহলের তথ্য অনুযায়ী, টানা তৃতীয়বার শীর্ষস্থান কোটা থেকে উঠে আসা কোনো শিক্ষার্থীর দখলে গেল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এই প্রবেশিকা পরীক্ষার জন্য মোট ১ লক্ষ ৮৭ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১ লক্ষ ৭৯ হাজার ৬৯৪ জন। সফল পরীক্ষার্থীর সংখ্যা ৫৬ হাজার ৮৮০ জন, যার অর্থ সাফল্যের হার ৩১.৬৫ শতাংশ। শিক্ষাবিদ দেব শর্মার মতে, গত আট বছরের নিরিখে এটিই সর্বাধিক সফল পরীক্ষার্থীর সংখ্যা।


Recent Comments