Susmita Das: প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তির দিনে ভবিষ্যৎ ভারতের জন্য একাধিক লক্ষ্য সামনে রেখে নতুন উদ্যমের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নিজের দীর্ঘ প্রশাসনিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মোদী বলেন, সমর্থকেরা তাঁকে ভরসা দিয়েছেন, আর সমালোচকেরা তাঁকে আত্মবিশ্লেষণ করতে শিখিয়েছেন। বিরোধীদের কাছ থেকেও গণতন্ত্রের শক্তি শেখার কথা জানান তিনি।
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুরু হয়েছিল মোদীর প্রশাসনিক যাত্রা। বুধবার সেই যাত্রার ২৫ বছর পূর্ণ হয়। এই উপলক্ষে তিনি বলেন, তাঁর এই দীর্ঘ পথচলার কৃতিত্ব দেশের মানুষের বিশ্বাস ও সমর্থনের। একই সঙ্গে অতীতের বিভিন্ন ঘটনা-ভুজের ভূমিকম্প, চন্দ্রযান অভিযান এবং কোভিড-১৯ মহামারির মতো পরিস্থিতি-তাঁকে বিভিন্ন শিক্ষা দিয়েছে বলেও উল্লেখ করেন।
ভবিষ্যৎ কর্মসূচির ক্ষেত্রে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যকে সামনে রাখেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে বিশ্বমানের উৎপাদনকেন্দ্র গড়ে তোলা, ভারতকে বিশ্ব উৎপাদন ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় দেশীয় শিল্পকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা।
এর পাশাপাশি ভারতের মাটিতে অলিম্পিক আয়োজন এবং মহাকাশ অভিযানে আরও অগ্রসর হওয়ার লক্ষ্যও তুলে ধরেন তিনি। মহাকাশে ভারতের উপস্থিতি আরও বিস্তৃত করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের সক্ষমতা বাড়ানোর কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।
ভাষণের শেষে ‘উই উইল ডু ইট’-অর্থাৎ ‘আমরা করে দেখাব’-স্লোগানকে সামনে রেখে ২০৪৭-এর লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে ভবিষ্যৎ ভারতের উন্নয়ন, আত্মনির্ভরতা, উৎপাদন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Recent Comments