নিজস্ব সংবাদদাতা: জলপাইগুড়িতে ফের বড়সড় সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি মালবাহী গাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া কফ সিরাপের পরিমাণ দেখে তদন্তকারীদের অনুমান, এর পিছনে সক্রিয় রয়েছে একটি বড় মাদক পাচারচক্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মালবাহী গাড়িতে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ শিলিগুড়ি এলাকায় আনা হচ্ছে বলে খবর পায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর থেকেই ফুলবাড়ি ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়। শুক্রবার গভীর রাতে জিয়াগঞ্জ এলাকায় সন্দেহজনক একটি গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে গাড়ির ভিতরে থাকা ৩০টি বড় কার্টন থেকে প্রায় ৪ হাজার ৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। এত বিপুল পরিমাণ মাদকজাতীয় সিরাপ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থল থেকেই গাড়িতে থাকা তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়।
ধৃতদের মধ্যে রয়েছেন শিলিগুড়ির বাসিন্দা অলক কুন্ডু এবং হাওড়ার বাসিন্দা প্রসেনজিৎ মুখার্জি ও সুরজিৎ হালদার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কফ সিরাপ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্যেই আনা হচ্ছিল।
এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, কোথা থেকে এই বিপুল পরিমাণ কফ সিরাপ আনা হয়েছিল এবং এর চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের দাবি, উত্তরবঙ্গ জুড়ে দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্র সক্রিয়। এবার সেই চক্রের বড় একটি চালান পুলিশের হাতে ধরা পড়ায় গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের মূল হোতা ও অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Recent Comments