পশ্চিমবঙ্গ খনিজ সম্পদের মানচিত্রে এবার নতুন সম্ভাবনার ইঙ্গিত। জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার মাটির নীচে ম্যাঙ্গানিজের উল্লেখযোগ্য মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বড়সড় অনুসন্ধান অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে। সরকারি উদ্যোগে জেলার কয়েকটি সম্ভাবনাময় এলাকায় যৌথভাবে সমীক্ষা চালানো হবে।
সিমুলপাল, বেগুনডিহা-সহ ঝাড়গ্রামের একাধিক এলাকাকে এই অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ওই সব এলাকায় সমীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।
এই কাজে যৌথভাবে অংশ নেবে ভারতীয় ভূতাত্ত্বিক সমীক্ষা এবং পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্য নিগম। অনুসন্ধানের সময় এলাকার ভূতাত্ত্বিক গঠন খতিয়ে দেখার পাশাপাশি মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। ম্যাঙ্গানিজের উপস্থিতি, বিস্তৃতি এবং সম্ভাব্য মজুতের পরিমাণ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়াই এই সমীক্ষার মূল উদ্দেশ্য।
সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ের অনুসন্ধানের ফলাফল হাতে আসার পরই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত ঝাড়গ্রামে কত পরিমাণ ম্যাঙ্গানিজ রয়েছে বা তা বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব হবে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য মেলেনি।
তবে অনুসন্ধানে ইতিবাচক ফল মিললে ঝাড়গ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। খনিজ উত্তোলনকে কেন্দ্র করে শিল্প গড়ে ওঠার পাশাপাশি স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ এবং পরিকাঠামোগত উন্নয়নও হতে পারে।
অশোকনগরে তেলসম্পদের সম্ভাবনার পর এবার ঝাড়গ্রামে ম্যাঙ্গানিজের সন্ধান রাজ্যের প্রাকৃতিক সম্পদ নিয়ে নতুন করে আশার সঞ্চার করেছে। এখন সকলের নজর সেপ্টেম্বরের এই অনুসন্ধান অভিযানের ফলাফলের দিকে।


Recent Comments