মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার একটি আমবাগানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আম কুড়োতে গিয়ে বিস্ফোরণের কবলে পড়ে গুরুতর জখম হয়েছে তিন নাবালক। আহতদের মধ্যে এক সপ্তম শ্রেণির ছাত্রের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সকালে আচমকা প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাহান্ন বিঘা এলাকা। শব্দের উৎস খুঁজতে গিয়ে গ্রামবাসীরা একটি আমবাগানে রক্তাক্ত অবস্থায় তিন নাবালককে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরিবারের সদস্যদের দাবি, ছেলেরা আম কুড়োতে গিয়েছিল। সেই সময় তারা একটি গোলাকার বস্তু দেখতে পায় এবং সেটিকে খেলনার বল ভেবে হাতে তুলে নেয়। মুহূর্তের মধ্যেই সেটিতে বিস্ফোরণ ঘটে। ঘটনায় সবচেয়ে বেশি আহত হয়েছে সপ্তম শ্রেণির ছাত্র দীপ রায়। তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকায় প্রায়ই অসামাজিক কার্যকলাপ চলে। কারা এবং কী উদ্দেশ্যে ওই বিস্ফোরক আমবাগানে লুকিয়ে রেখেছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকা ঘিরে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু সামগ্রী উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিস্ফোরণের প্রকৃতি এবং বিস্ফোরকের উৎস খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় নতুন করে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে।
নাবালকদের উপর এমন ভয়াবহ ঘটনার জেরে গোটা এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা চান, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।


Recent Comments