শ্রীজগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রায় এ বছরও ঘটল অঘটন। বৃহস্পতিবার পুরীতে রথযাত্রার সময় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে দুই শব্দ ভক্তের। ভিড় ও প্রতিকূল আবহাওয়াকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও, এটি পদপিষ্টের ঘটনা নয় বলে স্পষ্ট দাবি করেছে ওডিশা সরকার।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রবল ভিড়ের পাশাপাশি বৃষ্টি ও গুমোট আবহাওয়ার কারণে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। প্রায় ২০০ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।
ওডিশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং জানান, মৃতদের একজনের বয়স প্রায় ৬০ বছর। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যান। অপরজন, প্রায় ৩৫ বছর বয়সী এক ভক্ত, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। জগন্নাথ মন্দির সংলগ্ন গ্র্যান্ড রোড বা বড়া দণ্ড এলাকায় পদপিষ্ট হওয়ার কোনও ঘটনা ঘটেনি বলেই সরকারের দাবি।
এদিকে, বৃষ্টির কারণে এদিন রথযাত্রার সূচি ব্যাহত হয়। বলভদ্র ও সুভদ্রার রথ গুন্ডিচা মন্দিরের পথে মাঝপথে থেমে যায়, আর জগন্নাথদেবের রথও খুব বেশি দূর এগোতে পারেনি। ফলে রথ টানা শুক্রবার সকাল থেকে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার পর বিরোধী দলগুলি প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছে। বিজু জনতা দলের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। কংগ্রেসও এই ঘটনার জন্য প্রশাসনিক গাফিলতিকেই দায়ী করেছে।
উল্লেখ্য, গত বছরও গুন্ডিচা মন্দিরের সামনে পদপিষ্টের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর এবারও রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, যদিও ওডিশা সরকার দাবি করেছে, এবারের দুই মৃত্যু পদপিষ্টের কারণে নয়।


Recent Comments